শিরোনাম

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : বন্যায় চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৪ ও ১৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের কাছে ৪০০ বস্তা ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এসব ত্রাণসামগ্রী দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি এস. এম. আবু তৈয়ব, পরিচালক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন এবং সংগঠনের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), আরশাদ-উর-রহমান, রিয়াজ ওয়ায়েজ ও বশির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সিএমপি, জেলা পুলিশ এবং বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
ত্রাণ গ্রহণকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম বিজিএমইএর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ত্রাণসামগ্রী দ্রুত, সুষ্ঠু ও স্বচ্ছভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
এর আগে গত ১৫ জুলাই বিজিএমইএর বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিজিএমইএর নেতারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনটি জানায়, তৈরি পোশাক শিল্পের উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে বিজিএমইএ ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।