বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৩:৩৩

মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগে গ্রেফতার ৫, অস্ত্র ও গুলি উদ্ধার

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস): রাজধানীর মতিঝিল এলাকায় চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান ও একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) ও  রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান।

মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদার ব্যবসায়ীর অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। পুলিশ জানায়, ১৫ মে একই ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।

এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ ও অন্যান্য সহযোগীকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।