শিরোনাম

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে মাসব্যাপী 'ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম' শুরু হয়েছে।
গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আজ শুক্রবার বিকেলে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, বর্ষা মৌসুমের এই সময়ে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পৃথিবীর সবখানেই মশা আছে। কিন্তু মশার কামড়ে আমাদের দেশের মত এত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আর কোথাও দেখা যায় না। এজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে শুক্রবার থেকে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, পাড়া-মহল্লা এবং বস্তি এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাবেন। পাশাপাশি ব্যনার, পোস্টার ও লিফলেট বিতরণ করবেন।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু প্রতিরোধ একদিন বা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার নয়। এজন্য গুলশান সোসাইটি সারাবছরব্যাপী কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহ-সভাপতি আব্দুল মাজেদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।