বাসস
  ১৭ জুলাই ২০২৬, ২৩:৩৮

এথেন্সে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত 

ছবি: সংগৃহীত

এথেন্স (গ্রিস), ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : গ্রীসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান। রাষ্ট্রদূত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে দিনটির তাৎপর্য নিয়ে আলোকপাত করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রিস-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জর্জিওস কৎসোস।

জর্জিওস কৎসোস তার বক্তব্যে, গ্রিস-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান দৃঢ়তার কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এথেন্স স্কুল অফ ফাইন আর্টসের রেক্টর অধ্যাপক ড. ইরাটো চেটজিসাভা।

তিনি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আত্মত্যাগ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সার্বজনীন মূল্যবোধ নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।