শিরোনাম

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬(বাসস) : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি। তারা আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা সমুন্নত রেখেছেন।
শুক্রবার রাজধানীর বিজয়নগরে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী কফিন মিছিলের আগে তিনি এ কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে এবং ভবিষ্যতেও উঠবে। সেই প্রশ্নের জবাব বাস্তবতার ভিত্তিতে দিতে হবে। তিনি দাবি করেন, আন্দোলনের পর বিএনপি ও জামায়াত তাদের বিভিন্ন রাজনৈতিক লক্ষ্য অর্জন করেছে। একই সঙ্গে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটি নতুন রাজনৈতিক দলও জাতীয় সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলে পরিণত হয়েছে। এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব এই রাজনৈতিক শক্তিগুলোর ওপর বর্তায়।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠন। তিনি বলেন, সংস্কার বাস্তবায়নের দায়িত্ব এখন সংসদের এবং এ দায়িত্ব পালনের সময় এসেছে। পাশাপাশি অতীতের ভুলের জন্য পরাজিত রাজনৈতিক শক্তিকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রকৃত শহীদদের চূড়ান্ত তালিকা দ্রুত প্রকাশ, ভুয়া নাম বাদ দেওয়া এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদসহ দেশের সব শহীদের প্রতি এবি পার্টি গভীর শ্রদ্ধা জানায়। এসময় তিনি একটি স্বাধীন কমিটির মাধ্যমে প্রকৃত শহীদদের তালিকা চূড়ান্ত করা, ভুয়া নাম বাদ দেওয়া, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা এবং এ কাজে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নাটক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিজয়নগরের বিজয়-৭১ চত্বর থেকে একটি প্রতীকী কফিন মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।