শিরোনাম

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ (বাসস): ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম আয়োজিত ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এসময় আম, কাঁঠাল, আমলকি, আনারসহ হরেক রকমের ফলে জমে উঠে উৎসব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, ফল উৎসব কমিটির আহবায়ক ও ডিআরইউ’র সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সচিব হাসান ওয়ালীসহ শতাধিক সাংবাদিক ।
যশোর সাংবাদিক ফোরামের আহবায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলের সভাপতিত্বে সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও সংগঠনটির সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, আমাদের প্রাণের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম। আমাদের যে যাত্রা তা দুর্বার গতিতে এগিয়ে যাক। সবাই ঐক্যবদ্ধ থাকলে যশোর থেকে আসা নবীনরা অভিভাবকহীন থাকবে না।
তারা বলেন, আমাদের এ পথচলা সুন্দর হোক। একে অপরের পাশে দাঁড়ানোসহ সকলের মধ্যে সুসম্পর্ক বন্ধন গড়ে উঠুঁক। এছাড়া বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সরকার ও যশোরের সাংবাদিকদের অতি দ্রুত একটি মতবিনিময় সভার পরামর্শ দেন তারা।