শিরোনাম

টোকিও, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করছে। জনগণ যে আশা নিয়ে দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে সরকার সফল হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষ্যে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূত এ সব কথা বলেন। আজ শুক্রবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের আয়োজনে দিবসটির সূচনা হয় শহিদ আবু সাঈদসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এ সময় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও শহিদদের ত্যাগের মহিমা তুলে ধরে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, সেদিন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহিদ আবু সাঈদ যেভাবে অকুতোভয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, সেই আত্মত্যাগই মূলত ছাত্র আন্দোলনকে একটি গণ-আন্দোলনে রূপান্তর করতে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে প্রধান ভূমিকা পালন করেছিল।
রাষ্ট্রদূত আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি সমতার রাষ্ট্র, ফ্যাসিবাদমুক্ত ও গুম-খুনমুক্ত সুশাসনের রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি।
আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরে পেয়েছি, যা আমাদের জন্য এক নতুন আশার বার্তা।
তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে যে গণতান্ত্রিক ধারা এবং সুশাসনের পরিবেশ তৈরি হয়েছে, তা আমাদের জাতি তথা দেশ গঠনে নতুন গতি সঞ্চার করেছে।
শহিদের স্বপ্নের সেই রাষ্ট্র গঠনে সরকারের প্রতিটি ইতিবাচক উদ্যোগকে সফল করতে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে শহিদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা, দেশ ও জাতির সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।