বাসস
  ১৭ জুলাই ২০২৬, ১৭:৪৮

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ। ছবি: কোলাজ বাসস

সাতক্ষীরা, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা ও ঝাউডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দ ভারতীয় মালামালের মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইসা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। জব্দ ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। তবে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, জব্দ ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

তিনি আরো জানান, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।