শিরোনাম

কুমিল্লা, ১৭ জুলাই, ২০২৬(বাসস) : কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টায় আমানগন্ডা বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।