বাসস
  ১৬ জুলাই ২০২৬, ২২:১২
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২২:৩৯

খুলনায় তথ্য যাচাই বিষয়ক সেমিনার

খুলনা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস): নারী অধিকারভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাদাবন সংঘ আয়োজিত ‘ভুল তথ্য, অপতথ্য ও তথ্য যাচাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

প্রধান অতিথি বলেন, ভুল তথ্য ও অপতথ্য রোধে সকলকে সতর্ক থাকতে হবে। তথ্য যাচাই-বাছাই করে শেয়ার করা উচিত।

তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা আইন করেছে। কোনটি ভুল তথ্য ও অপতথ্য, তা জানতে হবে। ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মেহেদী হাসান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা আইসিটি কর্মকর্তা মো. আলীমুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার লাইসা মাহমুদ হেমা প্রমুখ বক্তব্য দেন।

প্রবন্ধ উপস্থাপন করেন বাদাবন সংঘের প্রোগ্রাম সহকারী বুশরা আফরোজ। স্বাগত বক্তব্য দেন বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান।

প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ফারিহা জেসমিন। ধন্যবাদ জানান বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার নওশীন নাওয়াল চৌধুরী।

সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, বাদাবন সংঘ একটি নারী অধিকারভিত্তিক বেসরকারি সংস্থা। ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় তারা খুলনা বিভাগের ১০টি জেলার তরুণ-তরুণীদের মাঝে ডিজিটাল নিরাপত্তা ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে।