বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৪:৫২

আগস্টে কাঠমান্ডুতে তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : আগামী ৯ থেকে ১২ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’।

নেপাল ফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ), নিউয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস এবং সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন উপলক্ষে কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রাথমিক কর্মপরিকল্পনা ও সময়সূচি ঘোষণা করা হয়। সভায় ফোনিজের মহাসচিব সমীর বালামি সম্মেলনের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

আয়োজকরা জানান, বিশ্বের প্রায় ৪০টি দেশের আদিবাসী ভাষাভিত্তিক সাংবাদিকতায় কর্মরত সাংবাদিকরা এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং মতবিনিময় অনুষ্ঠিত হবে।

চার দিনের কর্মসূচিতে নেপালের স্থানীয় সংস্কৃতি এবং অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন রাখা হয়েছে।

এছাড়া প্রতিনিধিদের নেপালের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন স্থান পরিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী নেপালি খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে, যাতে দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।

আয়োজকদের মতে, সম্মেলনের প্রধান উদ্দেশ্য আদিবাসী ভাষার সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ সাধন, মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতাকে সরকারি নীতিনির্ধারণে যথাযথ স্বীকৃতি ও অন্তর্ভুক্তির পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন জোরদার করা এবং এ ক্ষেত্রে নেপালের অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরা। একই সঙ্গে আদিবাসী ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণ, অধ্যয়ন এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতেও এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।