বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১২:৩৩

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে কিশোর-কিশোরী ক্লাবগুলোর প্রতি মহিলা অধিদপ্তরের নির্দেশ

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশপাশের এলাকার মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

এ লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাবগুলোর মাধ্যমে খাবার বিতরণ, ত্রাণ সহায়তা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মানবিক কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লিয়াকত আলী স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পত্রে বলা হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সারাদেশে ৬৮০টি এবং ৩০০টি পৌরসভায় ৩৪০টি ক্লাব পরিচালিত হচ্ছে।

এসব ক্লাবে শিক্ষক-সুপারভাইজার, জেলা প্রোগ্রামার, আঞ্চলিক শিক্ষক ও সংগীত শিক্ষকসহ বিপুলসংখ্যক জনবল দায়িত্ব পালন করছেন।

বর্তমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় অন্যান্য মানবিক কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা প্রোগ্রামার, আঞ্চলিক শিক্ষক, সংগীত শিক্ষক এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া, পত্রটির অনুলিপি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।