বাসস
  ১৬ জুলাই ২০২৬, ০০:২৪

জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৪০০ শয্যায় উন্নীতকরণে প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার।  একই সঙ্গে বর্ধিত ১৫০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন দেওয়া হয়েছে। 

গত মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ থেকে ৪০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।