শিরোনাম

খুলনা, ১৫ জুলাই, ২০২৬, (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া। আর নারীকে স্বাবলম্বী হতে হলে প্রয়োজন কর্মসংস্থান।
ওয়ার্ল্ড ভিশন তেমনই একটি কার্যক্রম বাস্তবায়ন করছে বলে প্রশাসক এই সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আজ বুধবার সকালে নগরীর ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ে খুলনার নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য মূলধনে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্ট-প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক আরও বলেন, নারীদের স্বাবলম্বী করার প্রথম পদক্ষেপ হিসেবেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির মাধ্যমে সমাজে নারীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে, ফলে পরিবার সুরক্ষিত থাকবে।
সংস্থাটি খুলনা শহরের ৬০০ নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।
একই সাথে সংস্থাটি বাল্যবিয়ে রোধ ও পুষ্টি সহায়তা প্রদানের পাশাপাশি নারীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার জন্যও কাজ করবে।
অনুষ্ঠানে প্রশাসক মূলধনে সহায়তাকল্পে ১৯ জন নারী উদ্যোক্তার প্রত্যেকের হাতে ৯ হাজার টাকা তুলে দেন।
পর্যায়ক্রমে সংস্থাটি তাদের জনহিতকর এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।
ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার বেলার সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার খুলনা এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম ক্লাস্টার অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, এডিপি ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মো. তৌহিদুল ইসলাম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, সমাজসেবক মীর কায়ছেদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, ইকবাল হোসেন মিজান, রফিকুল ইসলাম শুকুর, মুন্সী আব্দুর রব, শাম্মী চৌধুরী মলি, মো. জামাল হোসেন, মো. শাহজাহান আলী, জহির উদ্দিন লিটন, মেহেদী হাসান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু সরকারি ব্রজলাল (বিএল) কলেজে "রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ" শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
তাপদাহ মোকাবিলায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিকমুক্ত সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এ প্রকল্পের আওতায় কলেজ ক্যাম্পাসে ৫টি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যক্রমগুলো হচ্ছেÑ প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ, কলেজ চত্বরে বৃক্ষরোপণ, বসার জন্য ছায়াবীথি শেড স্থাপন, ছাতা ও ক্যাপ বিতরণ এবং সবজির বীজ বিতরণ।
কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৩০ জন সদস্য এ কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কলেজ সমন্বয়ক প্রফেসর মো. মঞ্জুর আলম তরফদার, সহযোগী অধ্যাপক মো. এরশাদুজ্জামান, সহকারী অধ্যাপক সাবেকুন নাহার, প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. সাকিবুল হাসানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেক্সোনা খাতুন।