শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে নাজিম উদ্দিন নামে একজন মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন। পরবর্তীকালে সিটি স্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। এর মধ্যে ১২৭টি গুলি বের করা হয়। এ ঘটনায় নাজিমের খালা গুলশান থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।