বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২০:৩৪

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার 

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস): গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

আজ বুধবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জুলাই এফবি মা-২ নামে একটি ফিশিং বোট ১৯ জন জেলেসহ হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরে গত ১৩ জুলাই ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ২ দিন পর মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে বুধবার সকাল ১০ টায় বোটের একজন জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানায়।

পরে তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া একটি উদ্ধার অভিযান পরিচালনা করে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা  থেকে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।