শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : সরকারি ক্রয় ব্যবস্থা সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা আরো জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) দেশব্যাপী ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিপিপিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিপিপিএ জানিয়েছে, বিকেন্দ্রীভূত প্রশিক্ষণ কৌশলের আওতায় ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যমান প্রশিক্ষণ অবকাঠামো ও লজিস্টিক সুবিধা ব্যবহার করে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ই-জিপি ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধির চাহিদা পূরণে এসব প্রশিক্ষণ বিপিপিএর নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বিকেআইআইসিটি ল্যাবে পাঁচ দিনব্যাপী একটি ই-জিপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে সরকারের বিভিন্ন ক্রয়কারী সংস্থার ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। আগামী ২১ জুলাই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। এ সময় বিপিপিএর পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বিপিপিএর পরিচালক হারুন অর রশীদ এবং পরিচালক মোহাম্মদ আলী আহম্মেদ খাঁন।
উদ্বোধনী বক্তব্যে এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ বলেন, সরকারি ক্রয় আইনের আওতায় ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক। তাই সংশ্লিষ্ট সব অংশীজনের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান সংখ্যক ই-জিপি ব্যবহারকারীকে প্রশিক্ষণের আওতায় আনতে দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূতভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে ই-জিপি ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক ই-জিপি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগে বিসিসির সার্বিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজনের জন্য বিসিসিতে আধুনিক ও সুসজ্জিত একাধিক প্রশিক্ষণ ল্যাব রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।