বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১৮:০২

প্রতিহিংসা নয়, ইতিবাচক রাজনীতির চর্চা করুন : শিমুল বিশ্বাস

অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ফাইল ছবি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস) : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিহিংসা নয়, ইতিবাচক রাজনীতির চর্চা করুন।

সম্প্রতি পাবনা জেলায় একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের জেরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আজ এক বিবৃতি তিনি এ আহ্বান জানান।  

অ্যাডভোকেট শিমুল বিশ্বাস নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজনীতি হোক মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের  জায়গা। সত্যিকারের রাজনীতিবিদ হতে হলে মানুষের মনের ও চোখের ভাষা বুঝতে হয়। মানুষের প্রত্যাশাও জানতে হয় এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয়। প্রতিপক্ষকে ঘায়েল করার কূটকৌশলের চেয়ে মানুষের হৃদয় জয় করার রাজনীতি অনেক বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে বিনয়, সততা, প্রজ্ঞা, নৈতিকতা এবং আদর্শ প্রত্যাশা করে। একজন প্রকৃত রাজনৈতিক নেতার বড় পরিচয় তার দেশপ্রেম, সততা ও জনসেবামূলক কাজ। সাধারণ মানুষ চায় রাজনীতিবিদরা সৎ জীবনযাপন করুক এবং গণমানুষের পাশে থাকুক।’

শিমুল বিশ্বাস বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে। তাই বলে মিথ্যা তথ্য, অপপ্রচার কিংবা পরিকল্পিত প্রোপাগান্ডা কখনো সুস্থ রাজনীতির পরিচায়ক হতে পারে না। ইতিহাস বারবার প্রমাণ করেছে, শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হয় এবং বিভ্রান্তি পরাজিত হয়। তাই প্রোপাগান্ডা ও অপপ্রচারে কারো কান দেওয়া উচিত নয়। সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সত্যতা যাচাই করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব।’

বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে সংযম, ধৈর্য ও প্রজ্ঞার গুরুত্ব আরও অনেক বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘উসকানিমূলক বক্তব্য বা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে প্রভাবিত না হয়ে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই উত্তম কাজ। দুষ্টু লোকেরা ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। তাই একজন সচেতন রাজনৈতিক কর্মীকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে। কখন প্রতিবাদ করবেন এবং কখন উপেক্ষা করবেন, সেটিও বিবেচনা করতে হবে।’ 

তিনি নেতাকর্মীদের প্রতি প্রত্যাশা করে বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন।