বাসস
  ১৩ জুলাই ২০২৬, ২১:২৪

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন দীপেন দেওয়ান

ছবি : বাসস

রাঙামাটি, ১৩ জুলাই, ২০২৬, (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, আর্থিক সহায়তা, ঢেউ টিন এবং নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।

আজ সোমবার দুপুর থেকে তিনি জেলা উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এসব সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে এবং কোনো মানুষ না খেয়ে থাকবে না।

তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে বন্যাকবলিত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সরকার যথেষ্ট পরিমাণ সহায়তা দিচ্ছে। বর্তমানে এই দুর্যোগকালীন পরিস্থিতিতে বাঘাইছড়িতে সব ধরনের এনজিও’র কিস্তি আদায় বন্ধ রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এসময় দীপেন দেওয়ান উপজেলার অ্যাডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনে যান।

সেখানে আশ্রয় নেওয়া পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, আর্থিক সহায়তা, ঢেউ টিন এবং নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুপ্তশ্রী সাহা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া প্রমুখ।

বন্যা পরিস্থিতি ও আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন শেষে দীপেন দেওয়ান উপজেলা পরিষদে তার ব্যক্তিগত কার্যালয়ে এক জরুরি মতবিনিময় সভায় মিলিত হন। 

উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বাঘাইছড়ির সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবিলা, দ্রুত ত্রাণ পৌঁছানো এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।