বাসস
  ১৩ জুলাই ২০২৬, ১৯:৫২

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক 

ছবি: বাসস

যশোর, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে একটি স্বর্ণের বারসহ মো. তাজুল ইসলাম (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক তাজুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের বাসিন্দা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আরম খান বাসসকে বলেন, অভিযানের সময় তাজুল ইসলামের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোরের নাভারণ সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।