শিরোনাম

রাজশাহী, ১৩ জুলাই, ২০২৬ (বাসস): মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন।
তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। তিনি আধুনিক চিড়িয়াখানার ব্যাপারে সম্মত হয়েছেন।
আজ রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনাসহ সব দিক থেকেই রাজশাহী একটি সমৃদ্ধ জেলা। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আমের রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। এরপর রাসিকের ছয়টি বিভাগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ ও চিড়িয়খানার আধুনিকায়নে প্রশাসক রিটনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ কাজ বাস্তবায়নসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, নিরাপদ মাংস নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক এ কেন্দ্রে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে।
এতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। পশুর কোনো অংশই অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ, রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান প্রমুখ।
রাসিকের সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।