বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৯:৩৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

কোলাজ : বাসস

ঢাকা, ১২ জুলাই, ২০২৬(বাসস): বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজ্ঞ এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ এক শোক বার্তায় প্রশাসক বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন পেশায় ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তাঁর অবদান যেমন অনস্বীকার্য, তেমনি জাতীয় সংসদের স্পিকার এবং দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশের শিক্ষা, আইন ও অবকাঠামোগত উন্নয়নে, বিশেষ করে বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ ও তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

প্রশাসক আরও উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো একজন প্রাজ্ঞ ও দেশপ্রেমিক ব্যক্তিত্বের প্রয়াণ দেশের রাজনীতি ও আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।