বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৭:৩১
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৯:০১

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন 

রোববার নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি : আইএসপিআর

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আজ থেকে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬ শুরু করেছে।

এ উপলক্ষে আজ রোববার নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

উদ্বোধন শেষে বৃক্ষরোপণ অভিযানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী দেশব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করছে।

‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। 

উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযান বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহবান জানান। এতে গড়ে উঠবে একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ। 

এছাড়াও তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও এলাকাসমূহে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে এ অভিযান বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।