বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৬:১৮

সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আজ রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সীমিত সক্ষমতা নিয়েই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

আজ রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-৯ আমাদের একটা পরিবার। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সীমাবদ্ধ সক্ষমতা দিয়ে সকলের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এই কর্মকাণ্ড শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের যতটুকু সক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চটুকু ব্যবহার করতে চাই।

বৃষ্টির মধ্যেও দেশের মানুষের জন্য আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, এই সরকার অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী জনগণের পাশে থাকার এবং তাঁদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করছেন। আমরাও ঢাকা-৯ পরিবার হিসেবে আপনাদের পাশে আছি, থাকব। আপনাদের সাথে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব।’

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।