শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক ও তার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া এসএসসি ২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন।
বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নির্দেশনার পর, গতকাল কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার স্কুলের সেই ছাত্রের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০ এর ১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে।
সে প্রেক্ষিতে গতকাল রাতেই অভিযুক্ত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।