বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৩:৫৫

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট 

ফাইল ছবি

ঢাকা, ১২ জুলাই, ২০২৬(বাসস) : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্টসমূহের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। একইসঙ্গে আজ আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর গভীর শোক প্রকাশ করেছেন। 

এক শোকবার্তায় প্রধান বিচারপতি তাঁর নিজের এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ ১২ জুলাই ভোর ৪ টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।