বাসস
  ১২ জুলাই ২০২৬, ০০:৫৬

নান্দাইলের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : নান্দাইল উপজেলা ও পৌরসভায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। 

শনিবার নান্দাইলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার নান্দাইলকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তিনি বলেন, নান্দাইলের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছি।

প্রতিমন্ত্রী বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর নান্দাইলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নান্দাইল থেকে সন্ত্রাসী বাহিনী বিলুপ্ত করা হয়েছে। মাদকের বিরুদ্ধেও আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস ও সংস্কার করা হয়েছে।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইল ও ময়মনসিংহ অঞ্চলে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। এরই মধ্যে ১৪৬টি রাস্তায় ইটের সলিং, ১৮টি মসজিদে অনুদান এবং পাঁচটি মাদ্রাসার মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া চন্ডীপাশা মহিলা কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। পৌরসভার জন্য ৭৫ লক্ষ টাকা বরাদ্দসহ ১২০টি রাস্তা ও ১১টি ব্রিজ-কালভার্ট নির্মাণের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।

স্বাস্থ্য খাতের উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, নান্দাইল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন পেয়েছি। এছাড়া চরবেতাগৈরে নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা সহজতর করবে।

জনগণকে সরকারের 'মেগা প্রজেক্ট' অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যে জোয়ার বইছে, নান্দাইলও তাতে শামিল হয়েছে। আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মাধ্যমে সরাসরি জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছি।

বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ৭ মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে যুক্ত হওয়ায় লোডশেডিংয়ের তীব্রতা কমেছে। অচিরেই বিদ্যুৎ সমস্যার টেকসই সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

কর্মী সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা নষ্ট হয়- এমন কোনো কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীর পক্ষে তদবির করবেন না।

কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। 

সমাবেশে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে নান্দাইলের উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। 

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তারই ছোঁয়া লেগেছে নান্দাইলে।

তিনি বলেন, উন্নত শিক্ষার জন্য প্রয়োজন উন্নত পরিবেশ। সেজন্য প্রশিক্ষণের পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিয়েছে বিএনপি সরকার।

পরে, রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম পরিচিতি সভায় যোগ দেন। এসময় তিনি বলেন, ময়মনসিংহ নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরীতে পরিণত করতে হবে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী পাঁচ বছরের মধ্যে ময়মনসিংহকে রাজশাহী নগরীর চেয়েও সুন্দর নগরীতে পরিণত করতে সক্ষম হবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ব্রহ্মপুত্রের ওপারে একটি সুন্দর নগরী তৈরি করবে। যা দেশের সবচেয়ে সুন্দর নগরী হিসেবে দেশব্যাপী পরিচিতি হবে বলেও আশা করেন তিনি।

ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উন্নয়নে আগ্রহী বলেই দ্রুত কাজ করতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছেন। তিনি নগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতাকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এসময় কৃতজ্ঞতা জানান।

সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে আমরা কাজ কাজ করছি। আগামী ছয় মাসের মধ্যে নগরী যানজট মুক্ত করা সম্ভব হবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাতার হোসেন তালুকদার বলেন, আর্চ ব্রিজের যাতায়াতের জন্য প্রকল্পের কিছুটা পরিবর্তন আনতে হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা হয়েছে। আশা করছি পরিবর্তন হলে যোগাযোগ সহজতর হবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা জজ জাকির হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, বাকৃবির রেজিস্ট্রার হেলাল আহমেদ, এলজিইডি, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।