বাসস
  ১১ জুলাই ২০২৬, ২৩:১৫

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস): দেশে অব্যাহত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

আজ শনিবার দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা ও বিশেষ করে পাহাড়ি এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটসমূহের নেতৃবৃন্দকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে হবে।

এতে আরও বলা হয়, বন্যাদুর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের পাশাপাশি শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সারাদেশের বন্যাকবলিত জেলা ও মহানগর আওতাধীন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সব ইউনিটের নেতৃবৃন্দকে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলের সভাপতি এস এম জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসান।