বাসস
  ১১ জুলাই ২০২৬, ২২:৪৩
আপডেট : ১১ জুলাই ২০২৬, ২৩:৩০

৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শুরু 

ছবিঃ আইএসপিআর

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬’ আজ রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে।  

চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতারে ১০০ টি ও ডাইভিং-এ ৬টি-সহ (১ মি. স্প্রিং বোর্ড, ৩ মি. স্প্রিং বোর্ড ও ৫ মি. প্ল্যাটফর্ম ডাইভিং) মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে আজ বিকেলে  প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন।

প্রতিযোগিতার প্রথম দিনে ২৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ডাইভিং-এ ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাঁতারে ৫টি এবং ডাইভিং ১টি-সহ  মোট ৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।

বিকেএসপি ১৫টি স্বর্ণ, ১১টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে। যৌথভাবে পদক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে-চাঁদপুরের মেঘনা মোহনা সুইমিং ক্লাব ও কুষ্টিয়ার নিকলী সুইমিং ক্লাব। উভয় ক্লাবই ৩টি করে স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক পেয়েছে।