বাসস
  ১১ জুলাই ২০২৬, ২২:১৬

ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছবিঃ বাসস

ময়মনসিংহ, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ শনিবার খামারটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘কুমিরের যথাযথ সংরক্ষণ ও বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাতে উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হবে। পাশাপাশি, দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই খামার ব্যবস্থাপনার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী সম্পদের সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।’

পরিদর্শনকালে খামার কর্তৃপক্ষ প্রতিমন্ত্রীকে কুমিরের প্রজনন, লালন-পালন এবং সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।