বাসস
  ১১ জুলাই ২০২৬, ১৬:২৯

আড়িয়াল খাঁ নদীতে জিওব্যাগ ডাম্পিংয়ের উদ্বোধন করলেন এমপি জাহান্দার

ছবি : বাসস

মাদারীপুর, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

প্রধান অতিথি বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন প্রতিরোধে আপাতত জরুরি ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য ভাঙন প্রবণ এলাকায় টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করেছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সদর উপজেলার পুরাতন ফেরিঘাট, বাহেরচর, জাজিরাসহ ১৭টি ভাঙন প্রবণ পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে প্রায় ৮ হাজার করে জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ভাঙন কবলিত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. মুর্তজা আলম ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রফিকুল ইসলাম মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বাসস’কে বলেন, জেলার ১৭টি ভাঙন প্রবণ স্থানে প্রাথমিকভাবে প্রতিটি পয়েন্টে প্রায় ৮ হাজার জিওব্যাগ ফেলা হবে। এতে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন। 

তিনি জানান, এটি জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা। দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হবে।