বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২১:৩০

ইউরোপে দক্ষ জনশক্তি প্রেরণে আনসার-ভিডিপির ডিজিটাল পদ্ধতিতে বাছাই সম্পন্ন 

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : ইউরোপে দক্ষ জনশক্তি প্রেরণে আনসার-ভিডিপির ডিজিটাল পদ্ধতিতে বাছাই সম্পন্ন হয়েছে। 

সম্পূর্ণ নিরাপদ, আইনি ও স্বচ্ছ প্রক্রিয়ায় ইউরোপের দেশ মলদোভায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে ৮-৯ জুলাই ডিজিটালাইজড পদ্ধতিতে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)-এর ৩০০ জন শহর প্রতিরক্ষা দল (টিডিপি) নারী সদস্যার বাছাই কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থানের জন্য ইউরোপে পাড়ি জমাতে প্রতিনিয়ত শত শত তরুণ-তরুণী দালালের খপ্পরে পড়ছেন। আবার কেউ কেউ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন। 

আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। ন্যূনতম অনিয়মের সুযোগ বন্ধ করতে ৫টি শক্তিশালী বাছাই কমিটি সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে প্রতিটি ধাপ তদারকি করছে। বাহিনীর সদর দপ্তরে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে এই প্রক্রিয়া পরিচালিত হয়েছে, যা দেশের অভিবাসন খাতে এক নতুন সম্ভাবনা যোগ করেছে। 

৮ জুলাই (বুধবার) প্রথম ধাপে ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের ১৩৯ জন টিডিপি নারী সদস্যার বাছাইয়ের পর দ্বিতীয় ধাপে আজ ৯ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা মহানগর দক্ষিণ ও পশ্চিম জোনের ১৬১ টিডিপি (নারী) বিদেশ গমনেচ্ছুক প্রার্থীরা প্রথমে বাহিনীর সদর দপ্তর নির্ধারিত ‘স্ব-ঘোষণা' সেলফ ডিক্লারেশন ফর্মে স্বাক্ষর করেন। 

প্রথাগত কাগজ-কলমের পরীক্ষার বদলে এখানে গুরুত্ব পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। পরীক্ষা কক্ষে দায়িত্বরত পরীক্ষা নিয়ন্ত্রকদের কঠোর নজরদারিতে প্রার্থীরা নিজ নিজ স্মার্টফোনের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সরাসরি 'গুগল ফর্ম'-এর মাধ্যমে লাইভ লিখিত পরীক্ষায় অংশ নেন।

এছাড়া প্রার্থীদের নিখুঁতভাবে ওজন, উচ্চতা পরিমাপ ও দৃষ্টিশক্তি পরীক্ষাসহ যাবতীয় শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। সম্মিলিত ৫টি কমিটির জুরি বোর্ডের সামনে সরাসরি ইন্টারভিউ বা সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন প্রার্থীরা। আধুনিক নির্বাচনী প্রক্রিয়ায় প্রার্থীদের প্রতিটি ধাপের পরীক্ষার মূল্যায়নের জন্য একটি বিশেষায়িত সফটওয়্যারে ইনপুট করা হচ্ছে। ফলে কোনো রকম মানুষের হস্তক্ষেপ বা কারচুপি ছাড়াই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মেধা তালিকা ও মূল্যায়ন মান প্রস্তুত করা হয়েছে।