বাসস
  ০৯ জুলাই ২০২৬, ২০:৪৭

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার 

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত পৌনে ১১টায় আদাবর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আদাবর থানার শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজের ঢালে কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ছোরা, ৩টি চাপাতি, একটি কুড়াল ও একটি শাবল উদ্ধার করা হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ২টি, মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১টি এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ১টি মামলা রয়েছে। 

এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।