শিরোনাম

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : পশ্চিম সৌদি আরবের বিভিন্ন এলাকায় পরিচালিত কনস্যুলার সেবা কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশি সেবাপ্রার্থীদের ভেন্যুর সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইন, বিধি-বিধান ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, কনস্যুলার সেবা প্রদানের জন্য ভাড়া নেওয়া বিভিন্ন স্থানে কিছু সেবাপ্রার্থী অসতর্ক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। এতে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কনস্যুলেটের কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দরজা, জানালা, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করা, সীমানাপ্রাচীর টপকে প্রবেশ করা, ল্যাম্পপোস্ট ভাঙা, দেয়াল ও অন্যান্য স্থাপনা নষ্ট করা এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে না ফেলার মতো ঘটনা ঘটেছে।
কনস্যুলেট জানায়, এসব ঘটনার কারণে ভেন্যুর মালিকদের ক্ষতিপূরণ দিতে হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এতে আরও বলা হয়, এ ধরনের আচরণ শুধু বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিই ক্ষুণ্ন করছে না, বরং সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপও সৃষ্টি করছে।
কনস্যুলেট উদ্বেগ প্রকাশ করে জানায়, এ ধরনের ঘটনা বারবার ঘটায় অনেক ভেন্যুর মালিক ভবিষ্যতে কনস্যুলার সেবা কার্যক্রমের জন্য তাদের স্থান ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।
সতর্ক করে বলা হয়, এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কনস্যুলার সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণে দুর্ভোগের সৃষ্টি হবে।
এ প্রেক্ষাপটে কনস্যুলেট সব সেবাপ্রার্থীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে ভেন্যুর সম্পদ ও পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইন, বিধি-বিধান ও শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কনস্যুলার সেবা কার্যক্রম নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে সহায়তা করবে এবং একই সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।