বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৯:৪৭

লেখক তৈরিতে কবি আল মুজাহিদীর ভূমিকা ছিল অনস্বীকার্য : স্মরণসভায় বক্তারা

কবি আল মুজাহিদী। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস): ‘লেখক তৈরি এবং লালনের ক্ষেত্রে বিশিষ্ট কবি আল মুজাহিদীর ভূমিকা ছিল অনস্বীকার্য।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে বাংলার মৃত্তিকার কবি সদ্য প্রয়াত আল মুজাহিদী স্মরণে এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। ‘কবিতা বাংলাদেশ’ অনুষ্ঠানটির আয়োজন করে।

বক্তারা আল মুজাহিদীর স্মৃতিচারণ করে বলেন, আল মুজাহিদী একজন মুক্তিযোদ্ধা, বাংলার মৃত্তিকালগ্ন কবি এবং একজন সাহিত্য সম্পাদক হিসাবে বাংলা সাহিত্যে তাঁর অবদান অনন্য। লেখক তৈরি এবং লালনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর কাব্যচেতনার মূল প্রবণতা হচ্ছে গভীর দেশপ্রেম, যুদ্ধ বিরোধী, মানবতাবোধ ও মানবপ্রেমের মিথস্ক্রিয়া। 

কিশোরকণ্ঠ সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি ও গবেষক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান ও কবি নাসির হেলাল।

কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় আলোচক ছিলেন কবি মুহম্মদ আবদুল বাতেন, সাংবাদিক হারুন ইবনে শাহাদাত,  দেশীয় সংস্কৃতি সংসদের সেক্রেটারী ড. মোস্তফা মানোয়ার, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, লেখক মোহাম্মদ জসিম উদ্দিন, নতুন এক মাত্রা পত্রিকার নিবার্হী সম্পাদক ড. ফজলুল হক তুহিন, কবি হাসিনা মমতাজ। 

অনুষ্ঠানে কবি আল মুজাহিদীর কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল, কবি আরিফ হোসেন সবুজ। নিবেদিত কবিতা পাঠ করেন কবি শহীদ সিরাজী, কবি নাসরিন ইসলাম শেলী প্রমুখ।