বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৯:০২

‘উপায়’ অ্যাপে সহজে দেওয়া যাবে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : ‘উপায়’ অ্যাপের মাধ্যমে এখন থেকে সহজেই সর্বজনীন পেনশন স্কিমের মাসিক চাঁদা জমা দেওয়া যাবে। এ লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

আজ ইউসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধিত গ্রাহকরা ‘উপায়’ অ্যাপ এবং সারা দেশে বিস্তৃত ‘উপায়’-এর এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সহজেই মাসিক চাঁদা জমা দিতে পারবেন।

অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, সদস্য (তহবিল ব্যবস্থাপনা) মুন্সী আবদুল আহাদ এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘উপায়’-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বি. দাস, প্রধান ব্যবসা কর্মকর্তা মো. মাহবুব সোবহান, উপপরিচালক হাসান মোহাম্মাদ জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করবে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকরা সহজেই সর্বজনীন পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা দিতে পারবেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘উপায়’-এর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকরা নিরাপদ ও ঝামেলামুক্তভাবে পেনশনের মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন, যা সর্বজনীন পেনশন কর্মসূচির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।