বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১৩:৫৯

যেকোনো দুর্যোগে প্রধানমন্ত্রী মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন: দীপেন দেওয়ান

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৯ জুলাই, ২০২৬ (বাসস): পার্বত্য জেলা রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. দীপেন দেওয়ান এমপি বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে এবং মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় মানুষের পাশে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন|

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিএনপি’র পক্ষ থেকে পাহাড়ের দুর্গম ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি, কেউ অসহায় থাকবে না|

গতকাল বুধবার মধ্যরাতে জেলায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং শহরের লোকনাথ মন্দিরের আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন|

পরিদর্শনকালে তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় তরুণ সমাজকে সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান|