শিরোনাম

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস) : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস১ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ডেঙ্গু সন্দেহে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই পরীক্ষাটি করাতে পারবেন।
মন্ত্রণালয় জানায়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালগুলোতে এ সুবিধা কার্যকর থাকবে।
ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু সংক্রমণের শুরুর দিকে এনএস১ (নন-স্ট্রাচারাল প্রোটিন ১) পরীক্ষা অত্যন্ত কার্যকর।
সাধারণত জ্বরের প্রথম ১ থেকে ৫ দিনের মধ্যে এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়। দ্রুত রোগ শনাক্ত হলে সময়মতো চিকিৎসা দেওয়া যায় এবং জটিলতা ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সব জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ১২টি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা বিবেচনায় রোগীদের আর্থিক চাপ কমানো, দ্রুত রোগ নির্ণয় নিশ্চিত করা ও সরকারি হাসপাতালভিত্তিক ডেঙ্গু ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীরা প্রাথমিক পর্যায়েই সহজে পরীক্ষা করানোর সুযোগ পাবেন, যা রোগের বিস্তার নিয়ন্ত্রণ ও গুরুতর জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।