শিরোনাম

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস): যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন আন্তঃনগরধর্মী কমিউটার ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর ফলে গোপালগঞ্জসহ ওই রুটের বিভিন্ন এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম), রাজশাহীর কার্যালয় থেকে গতকাল (মঙ্গলবার) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ১৩৬ নম্বর ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে নতুন এই কমিউটার ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে।
ফিরতি ১৩৫ নম্বর ট্রেন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিকারপুর, ভাঙ্গা জংশন ও নগরকান্দা স্টেশনে যাত্রাবিরতি করবে। অন্যদিকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি মহেশপুর, কাশিয়ানী জংশনসহ নির্ধারিত স্টেশনগুলোতে থামবে।
রেলওয়ের তথ্যমতে, ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটির মোট চলাচলের দূরত্ব ১৮৮ কিলোমিটার।
ট্রেনটি প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। জয়দেবপুর কমিউটারের আট কোচবিশিষ্ট রেক দিয়ে ট্রেনটি পরিচালিত হবে এবং রেকের বেইজ, ওয়াটারিং ও ক্লিনিংয়ের কাজ ঢাকায় সম্পন্ন করা হবে।
নতুন ট্রেনটি নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর মধ্যে রয়েছে টিকিট বিক্রির ব্যবস্থা, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সময়সূচি জানানো।
রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন ‘অভিযাত্রী কমিউটার’ চালুর ফলে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ এ রুটের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।