বাসস
  ০৭ জুলাই ২০২৬, ২১:২৪

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তৎপর কর্তৃপক্ষ

ছবি: বাসস

চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যেও চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে তদারকি করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। তিনি বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বৈরী আবহাওয়ার মধ্যেই আজ মঙ্গলবার তিনি সশরীরে বন্দর পরিদর্শনে যান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, অপারেশনাল কার্যক্রম এবং জলাবদ্ধতা পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেন বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয় এবং কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে দ্রুত তা মোকাবিলার ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় তিনি বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।