বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৯:৩২

ভোজ্যতেলে অস্বচ্ছ ও ফুড-গ্রেড প্যাকেজিং নিশ্চিতের আহ্বান

ছবি: বাসস

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : আমদানি থেকে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খলে সমৃদ্ধকৃত ভোজ্যতেলের ভিটামিন ‘এ’ অক্ষুণ্ন রাখা এবং ভোজ্যতেলের মান নিশ্চিত করতে বাজারজাতকরণের সব পর্যায়ে অস্বচ্ছ ও ফুড-গ্রেড প্যাকেজিং ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞদের মতে, ভোজ্যতেলের ভিটামিন ‘এ’ সুরক্ষার জন্য স্বচ্ছ প্যাকেজিং পরিহার করে দ্রুত অস্বচ্ছ প্যাকেজিং প্রবর্তন করা প্রয়োজন।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত ভোজ্যতেল : বিশেষজ্ঞ সংলাপ’ শীর্ষক আলোচনায় এ আহ্বান জানান তারা। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার অনুষ্ঠান সঞ্চালনা করেন।  

আলোচনায় বলা হয়, ভোজ্যতেল অধিকতর স্বচ্ছ করার জন্য ২৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পরিশোধন করা হলে ট্রান্স ফ্যাটের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে এ ধরনের তেল গ্রহণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।

খোলা ভোজ্যতেলের ব্যবহার প্রসঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক মলয় কান্তি মৃধা জানান, তার প্রতিষ্ঠানের পরিচালিত ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভেইল্যান্স অনুযায়ী দেশব্যাপী পরিচালিত জরিপে বর্তমানে খানা পর্যায়ে ৫১ শতাংশ পরিবার প্যাকেটজাত ভোজ্যতেল ব্যবহার করে, আর ৪৯ শতাংশ পরিবার খোলা ভোজ্যতেল ব্যবহার করে।

বিএসটিআই’র প্রতিনিধি এস এম আবু সাঈদ জানান, ভোজ্যতেলের প্যাকেজিংয়ের ক্ষেত্রে ফুড-গ্রেড-সংক্রান্ত সনদ, প্রোডাক্ট সার্টিফিকেশন কমিটি থেকে গ্রহণ করা আবশ্যক। তবে ফুড-গ্রেড প্রতীক ব্যবহার এখনও বাধ্যতামূলক করা হয়নি।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতান আলম বলেন, ডিলাররা ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে কেমিক্যালের ড্রাম ব্যবহার করে, যেগুলো শনাক্ত করার কার্যকর কোনো ব্যবস্থা নেই। এসব ড্রামে ভোজ্যতেল সরবরাহ বন্ধ করা গেলে ভোজ্যতেলের গুণগত মান আরও উন্নত হবে। 

আলোচনায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মো. ইউনুছুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মহাব্যবস্থাপক মো. কুতুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।