বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৯:১০

নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৮ জুলাই।

এবারের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নিজেই এই খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা তাদের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও তৈরি করে দেওয়া হবে। 

এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিংপুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।

যদিও মাঠের লড়াই ১৮ জুলাই থেকে শুরু হবে, তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।