বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৩:৪৬

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

ছবি : বাসস

রাজবাড়ী, ৭ জুলাই, (বাসস) : ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা আজ থেকে শুরু হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ ফল মেলার উদ্বোধন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, রাজবাড়ী সদর উপজেলা ভূমি কর্মকর্তা পায়রা চৌধুরী, সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল এবং রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফলচাষি, কিষাণ - কিষাণি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে দেশীয় ফলের উৎপাদন, সংরক্ষণ এবং ভোক্তাদের মধ্যে এর ব্যবহার বাড়াতে হবে। 

তিনি বলেন, ফল চাষ কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক করা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপ পরিচালক বলেন, শিশুদের মধ্যে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। ফলের অপচয় রোধ এবং সারা বছর সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের মৌসুমি ফল, উন্নতমানের ফলদ গাছের চারা এবং ফল চাষে ব্যবহৃত আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। 

আগামী ৩ দিন মেলা সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।