বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১১:৫৭

জুলাই যোদ্ধা পরিবারকে উপহার দিলেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ৩ শহীদ জুলাই যোদ্ধার পরিবারের সদস্যদের উপহার সামগ্রী প্রদান করেন। ছবি: বাসস

দিনাজপুর, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার বিরল উপজেলায় ’২৪-এর ছাত্র-জনতার গণআন্দোলনে ৩ শহীদ জুলাই যোদ্ধার পরিবারের সদস্যদের বাড়ীতে গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।

গতকাল সোমবার সন্ধা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দিনাজপুর বিরল উপজেলায় ’২৪-এর ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ ৩ জন জুলাই যোদ্ধাদের বাড়ীতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন ওই আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এ ব্যাপারে গতকাল সোমবার রাতে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, জেলার বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের এম নাগরবাড়ী গ্রামের শহীদ জিয়াউর রহমান ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রামের শহীদ আসাদুল হক বাবু এবং ৫ নং বিরল ইউনিয়নের করলা গ্রামের শহীদ মাসুম রেজা অন্তর এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি তাদের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে সৌজন্য উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি ৫ নং বিরল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম রোস্তম আলী এবং ওয়ার্ড বিএনপি’র অন্যতম সদস্য মরহুম আনিছুর রহমান এর বাড়ীতে গিয়ে তাদের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তাঁদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার স্মৃতি চারণ করেন তিনি।

এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫ নং বিরল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশেরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, ৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন।