শিরোনাম

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এ লক্ষ্যে এলজিইডির ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)-এর উদ্যোগে ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ ও ৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) পরিচালক মো. আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন। কর্মশালার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ক্রিম্প প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক।
প্রধান প্রশিক্ষক হিসেবে কেএফডব্লিউ-এর পরামর্শক সেবাস্তিয়েন ফ্রাওনেট পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব, ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং কার্যসম্পাদন সূচক নির্ধারণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন।
কর্মশালায় ব্যবহারিক অনুশীলন, অংশগ্রহণকারীদের উপস্থাপনা এবং মতবিনিময়ের মাধ্যমে এসব বিষয়ের বাস্তব প্রয়োগ নিয়েও আলোচনা করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. আজহারুল ইসলাম বলেন, ‘এলজিইডি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের প্রকৌশলী ও মাঠ পর্যায়ের কর্মীরা প্রতিদিন নানা ধরনের চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে কাজ করেন। নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভৌত ঝুঁকির মাত্রা অনেক বেশি। তাই প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো ঐচ্ছিক বিষয় নয়; এটি আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।’
তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে নিজ নিজ প্রকল্প ও কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
কর্মশালায় ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এছাড়া ক্রিম্প ও ক্রিলিকের কর্মকর্তারাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।