শিরোনাম

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ ( বাসস) : পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে -ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (রাজশাহীতে সারদা বিপিএ, বর্তমানে গ্রেফতার), ডিআইজি মো. সাইফুল ইসলাম (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি, বর্তমানে গ্রেফতার)।
ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ(সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত). ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান(রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত),
ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান (বিপিএ, সারদায় সংযুক্ত), ডিআইজি জিহাদুল কবির(চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত), ডিআইজি মঈনুল হক (পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সংযুক্ত), ডিআইজি মো. ইলিয়াছ শরীফ (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত), ডিআইজি শ্যামল কুমার নাথ (এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকায় সংযুক্ত), ডিআইজি মো. জাকির হোসেন খান (চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত) ও ডিআইজি মো. শাহ আবিদ হোসেন(চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত)।