বাসস
  ০৫ জুলাই ২০২৬, ২০:৩১

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক । ফাইল ছবি

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ রোববার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় একথা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ রোববার দুপুর আড়াইটায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী, একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছে।

একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। 

বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও জাতীয় জ্ঞানচর্চায় তার অসামান্য অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র জাতি দীর্ঘদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন সাদা দলের নেতৃবৃন্দ।