শিরোনাম

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
আজ বিকেলে এক শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অন্যতম রূপকার।’
এর আগে দুপুরে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তার দিকনির্দেশনা ও অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সাহিত্য, রাজনীতি, দর্শন ও সংস্কৃতিতে তার অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ প্রগতিশীল চিন্তাবিদ ও অসামান্য শিক্ষাবিদকে হারাল।’
শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সদ্যপ্রয়াত এই গুণী অধ্যাপকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।