বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১২:০৫
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:১৫

বাগেরহাটে নিহত কৃষক দল নেতা বাদল মোড়লের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি

শনিবার বিকেলে সদর উপজেলার বারুইপাড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।ছবি: বাসস

বাগেরহাট, ৫ জুলাই ২০২৬ (বাসস): বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত কৃষক দল নেতা শহীদ বাদল মোড়লের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। 

তিনি গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বারুইপাড়ার আড়পাড়ায় নিহতের কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। 
তিনি বলেন, ‘নিহত বাদল মোড়লের সন্তান ও স্ত্রীর পাশে দাঁড়াবে বিএনপি পরিবার এবং সরকার।’

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় সংঘটিত নির্মম গণহত্যা এবং তাদের পালিয়ে যাওয়ার ঘটনা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। বিএনপি অতীতেও হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যারা ব্যক্তিস্বার্থে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তাদের বিএনপিতে কোনো স্থান হবে না।’

তিনি জানান, বাদল হত্যার আসামি গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি দেখা করেছেন এবং খুলনা ডিআইজি এবং বাগেরহাট পুলিশ সুপার এ ব্যাপারে তৎপর রয়েছেন। ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামি খুব শীঘ্রই ধরা পড়বে। তিনি নেতা কর্মীদের ধৈর্য ধারনের এবং সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু, এসকেন্দার হোসেন, ফকির তারেক, শেখ মঈন, আজাদ আবুল কালাম ও জেলা যুবদল নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবালসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।