বাসস
  ০৪ জুলাই ২০২৬, ২১:১৩

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। ছবি ঃ বাসস

চট্টগ্রাম, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য।

আজ বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’-এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, তরুণরা যাতে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে ক্রীড়া কার্ড চালু করেছে। পাশাপাশি, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাচ্ছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ, অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬-এর আহ্বায়ক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস অ্যাড হক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১-০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে পরাজিত করে।